ছবি : সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরাইলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) দায় স্বীকার করেছে। দেশটির পুলিশ এই ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২০ মার্চ) ভোরে আগুনে কারখানার বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
চেক কর্তৃপক্ষ জানিয়েছে,আগুনের শিকার স্থাপনাটি একটি চেক কোম্পানি এবং ইসরাইলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ছিল।
এলবিট সিস্টেমস মূলত ইসরাইলি সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথের অস্ত্র সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশেষ করে গাজা এবং ইরানে চলমান যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের বড় একটি অংশ এই কোম্পানিটি সরবরাহ করে থাকে।
দায় স্বীকার করা গোষ্ঠী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে। আন্তর্জাতিক সরকারগুলোর কাছে অনুনয়-বিনয় করার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
সূত্র: আল-জাজিরা
