চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

আজ বুধবার সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা।

বুধবার (১৮ মার্চ) রাতে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ।

খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জামাত হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিতে এই দুই দেশে এবার শুধু মসজিদেই ঈদের নামাজ আদায় করা হবে