রাজশাহীতে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ৩

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন-, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানা পুলিশের (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। পথে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। বাহন দুটি উদ্ধার করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।