
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।
মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে আরাঘচি লিখেছেন, পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না।
এর ফলাফল উল্লেখ করতে তিনি লিখেছেন, ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।
ট্রাম্প কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন বলেও লিখেছেন আরাঘচি।
উল্লেখ্য, ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি(এইচআরএএনএ)।
তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি।
আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে একশ জনই শিশু।
এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪ টি হামলা হয়েছে।
এই হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে এইচআরএএনএ।
