
ইরানের যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা-ইসরাইল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে বলেছেন, ‘তোমাদের অবশ্যই তোমাদের অস্ত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের সাথে ন্যায্য আচরণ করা হবে এবং তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, তোমাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।’
ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছন, ইরানের ‘তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে, যা এখন ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের হুমকির মুখে ফেলতে পারে এবং এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম হতে পারে।’
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘বড়’ অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য হলো ‘এই অত্যন্ত দুষ্ট ও উগ্র স্বৈরশাসনকে আমেরিকাকে হুমকি দেওয়া থেকে বিরত রাখা।’
অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে’ একটি অভিযান শুরু করেছে।
তিনি বলেন, আমি আমাদের মহান বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই। ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসকগোষ্ঠী ‘ইসরাইলের মৃত্যু হোক’, ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিয়ে আসছে।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘তারা আমাদের রক্ত ঝরিয়েছে, বহু আমেরিকানকে হত্যা করেছে এবং নিজেদের জনগণকেও হত্যা করেছে। এই হত্যাকারী সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না- যা তাদের সমগ্র মানবজাতিকে হুমকি দেওয়ার সুযোগ করে দেবে। আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার পরিবেশ সৃষ্টি করবে।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সময় এসেছে ইরানের সব জনগোষ্ঠীর-পার্সিয়ান, কুর্দি, আজারি, বালুচি এবং আহওয়াজি-অত্যাচারের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার। আমি ইসরায়েলের নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনারা হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করুন।’
তিনি বলেন, আগামী দিনগুলোতে ‘অপারেশন দ্য রোর অব দ্য লায়ন’-এ আমাদের সবার ধৈর্য ও দৃঢ়তার প্রয়োজন হবে। আমরা একসাথে দাঁড়াব, একসাথে লড়ব এবং একসাথে ইসরায়েলের চিরস্থায়িত্ব নিশ্চিত করব।
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই।
ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। জবাব হবে বিধ্বংসী।
