
প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
কোন বিবেচনায় আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। পরিবর্তন তো অনেক জায়গায় হয়েছে এবং এটাতো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।
এই পরিবর্তন ‘খুব স্বাভাবিক’ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো আলেন, যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয় নাই, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক।
তবে অভিযোগ রয়েছে নিয়োগ হওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান মন্ত্রী আমীর খসরুর ঘনিষ্ঠ এবং তিনি গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত। তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে।
এই বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরেই মব সৃষ্টি করে তাকে বের করে দেয়া হয়।
