
জুলাই সনদে আজ স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যাবে। এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে।
প্রতিনিধি দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।
তবে ওই সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। এবারে দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হবে।
এবারে স্বাক্ষর করার কারণ হিসেবে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি নিশ্চিত ছিল না। কিন্তু গণভোট হয়েছে, সেখানে হ্যাঁ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জনরায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করবো। এতে আমাদের ছয় জন এমপির লিগ্যাল অথরিটি থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারবো।’
