মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ই অক্টোবর যে প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।

অন্যদিকে ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে জারি করা পৃথক আরেক প্রজ্ঞাপনে এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের পর শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে এম সিরাজ উদ্দিন মিয়া আগে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) ছিলেন।