২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ minutes ago

আফগান তালেবানদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, আফগান তালেবানরা পাকিস্তানের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এই সবই করা হয়েছে বিশ্বব্যাপী ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত টিটিপির সহযোগিতায়।

তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৭৩টি আফগান সামরিক পোস্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ১৮টি পোস্ট আমাদের দখলে রয়েছে এবং ১১৫টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ২১ এবং ২২ ফেব্রুয়ারি রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে ‘খুব সতর্কতার সাথে আফগানিস্তানের অভ্যন্তরের অবস্থানগুলো লক্ষ্য করে’ হামলা চালিয়েছিল, যার উপর ভিত্তি করে আফগান তালেবান এই পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, টিটিপির বিরুদ্ধে ২২টি হামলায় পাকিস্তানের কোনো বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় চালানো হামলায় কাবুলের পদাতিক ব্রিগেড সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং বেসামরিক নেতৃত্বের নির্দেশ অনুসারে এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছি।

এছাড়া আফগান সরকারকে পাকিস্তান এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বিবিসি