হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরই মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- পিকআপ চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net