হজের ভিসা আবেদন শুরু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

২০২৬ সালের হজ মৌসুমের জন্য আজ রোববার থেকে হজ ভিসা আবেদন শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ ভিসা ইস্যু নিয়ে যে ঘোষণা দিয়েছে তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া।

ভিসার আবেদন আজ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আগে অনেকে শেষ সময়ে এসেও ভিসার আবেদন করতে পারতেন কিন্তু এ বছর অনেক আগে থেকেই সব সম্পন্ন করতে বলা হয়েছে। কেননা হজযাত্রীদের নিরাপত্তা বা সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার নুসুক কার্ড ইস্যু করে থাকে। শেষ সময়ে ভিসা করায় আগেরবার সেই কার্ড পেতে হজযাত্রীদের অনেক সমস্যা হয়েছিল। তাই এবারে তারা সময় বেধে দিয়েছে যেন হজযাত্রা আরো সুশৃঙ্খল করা যায়।’

তাই এ বছর যারা হজে যেতে আগ্রহী তাদের ২০শে মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ এবং ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ই এপ্রিল থেকে।

গালফ নিউজের খবর অনুযায়ী, সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত করতে এবং সব প্রস্তুতি গুছিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি