
ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে হাতিঝিলে এক অনুষ্ঠানে ভোট চান তিনি ।
জুবাইদা রহমান বলেন ‘আপনারা আপনাদের মূল্য সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব। আমরা একে অপরকে আরো জানতে চেষ্টা করব সমস্যাগুলো কিভাবে সুষ্ঠভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক জ্ঞানভিত্তিক শ্রম ভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।'
আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে ‘আমরা’, আমাদের আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’, সবার আগে ‘বাংলাদেশ’, ভেদাভেদের আগে ‘সমতা’, সবার জন্য ‘সমান সুযোগ-শ্রমের মর্যাদা’। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার।'
এই অনুষ্ঠানে সব পেশার মানুষজন একসাথে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এতক্ষণ আমরা শুনলাম ভাষান টেক, কড়াইল ,সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয় বিদারক অনেক সমস্যার কথা, শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের সমস্যার কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা। আপনাদের সমস্যা অনেক। আমি-আপনি-আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব।'
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া -৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলার কর্মজীবী রিকশা চালক, বাস চালক, পোষাক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, বাংকার্স, সিষ্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষজন অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net