সমালোচনার মুখে ইরান ইস্যুতে নতুন বিবৃতি দিলো বাংলাদেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ইরান ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে আলোচনা- সমালোচনার মুখে নতুন করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বিবৃতিতে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা চালিয়ে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এর আগে রোববার আরেকটি বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু নিয়ে বাংলাদেশ কোনো বক্তব্য দেয়নি।

রোববারের ওই বিবৃতিতে বলা হয়েছিল, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

অন্যদিকে, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আরেকটি বিবৃতিতে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন।

এতে বলা হয়, বাংলাদেশ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশ মনে করে, সংঘাত কখনও সমাধান এনে দেয় না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধের সমাধান সম্ভব।

সূত্র : বিবিসি