জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপির প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ আসামিদের ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়।

গতকাল ওই মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন।

২৩৪ জন নামীয় এবং আরো ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন।