মে মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৫৩ minutes ago
প্রতীকী ছবি

আগামী মে মাসের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব উম্মে রেহানা এ তথ্য জানান।

উম্মে রেহানা বলেন, বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন সেই তুলনায় পিছিয়ে থাকায় দেশজুড়ে লোডশেডিংয়ের চাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার চাহিদা প্রায় ১৭ হাজার মেগাওয়াটে পৌঁছানোর পূর্বাভাস থাকলেও উৎপাদন ১৪ হাজার মেগাওয়াটের মধ্যে সীমিত থাকতে পারে। ফলে প্রায় ৩ হাজার মেগাওয়াট ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

গরমের তীব্রতা, শিল্পাঞ্চলে বাড়তি ব্যবহার এবং জ্বালানি সংকট—সব মিলিয়ে বিদ্যুৎ পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গতকাল বিদ্যুৎ সরবরাহ ছিল ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট, ২ হাজার ৮৬ মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। পূর্বাভাস হিসেবে দেখেছি, আজ চাহিদা ১৭ হাজার মেগাওয়াটের মতো। বিভিন্ন শিল্প এলাকায় চাহিদা বেড়েছে, বেড়েছে গরমও। সব মিলিয়ে বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে। অন্যদিকে জ্বালানি সংকটও অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, আমরা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, যে কারণে বিদ্যুতের সার্বিক চাহিদা বেড়েছে। আজ উৎপাদনের প্রজেকশনে (অনুমান) দেখা যাচ্ছে, আমরা প্রায় ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। তারপরও প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকবে বলে জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে উম্মে রেহানা বলেন, আদানি থেকে যে বিদ্যুৎ আনি, কারিগরি ত্রুটির কারণে তার একটি ইউনিট বন্ধ। ২৬ এপ্রিল দ্বিতীয় ইউনিট ঠিক হলে বিদ্যুৎ পাব।

তিনি বলেন, বাঁশখালীতে এসএস পাওয়ারের একটি আইপিপি প্ল্যান্ট আছে। সেখানেও একটি ইউনিট বিকল হওয়ার কারণে প্রায় সাড়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছি। আগামী ২৮ এপ্রিল এটিও ঠিক হয়ে যাবে। এ সময় প্রায় ১ হাজার ৩০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারব।

যুগ্মসচিব আরও বলেন, কয়লার অভাবে আরএনপিএলের (পায়রা) একটি কেন্দ্র বন্ধ। কয়লা আমদানি করে আনতে হয়। মে মাসের প্রথম সপ্তাহে কয়লা আসবে। এতে সব মিলিয়ে আমরা প্রায় ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারব। তখন মানুষের সংকট কিছুটা নিরসন হবে বলে আশা করছি।

  • খনিজসম্পদ
  • জ্বালানি
  • তারেক রহমান
  • বিদ্যুৎ
  • মন্ত্রণালয়
  • মেগাওয়াট
  • লোডশেডিং