
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ ‘জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে’ বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাজুল ইসলাম তার ফেসবুকে এক বিবৃতিতে এমন দাবি করেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এই বিচারে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা ও আরেকটি মামলায় রাজসাক্ষী করার ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন ট্রাইব্যুনালেরই একজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
ওই অভিযোগের প্রেক্ষিতেই তাজুল ইসলাম ফেসবুকে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তাজুল ইসলাম বলেন, ‘উক্ত বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনানুগ।’
সূত্র : বিবিসি
