
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। এরআগে গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রমিজ উদ্দিন রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দফতর সম্পাদক ছিলেন।
পরিবারের দাবি, গত সোমবার স্থানীয় বাজারের একটি চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। এ সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দেখে রমিজ উদ্দিন তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাদক কারবারিদের এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যায়।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net