মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েছে পাল্টাপাল্টি হামলা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তিচুক্তির প্রস্তাবের ব্যাপারে আজ ইরান তাদের মতামত বা পাল্টা প্রস্তাব দিতে পারে, সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে যে, ইরানের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব আজ আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুদ্ধের চার সপ্তাহের মাথায় এসে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার রাত থেকে ইরান ও লেবাননে একাধিক হামলার তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ইসরাইলের পাশাপাশি কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর – আইআরজিসি সতর্কতা জারি করে বলেছে, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন সাধারণ মানুষ সরে যান।

কাছাকাছি সময়ে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, সামনের দিনগুলোতে হামলা ‘আরও তীব্র’ হবে এবং ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সর্বশেষ আপডেটে আইডিএফ জানিয়েছে, ইসরাইল দক্ষিণ বৈরুতে ‘হেজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা শুরু করেছে।

সূত্র : বিবিসি