
মধ্যপ্রাচ্যে অবস্থিত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর।
তবে এসব হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কাতারের রাজধানী দোহায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিবিসি আরবি সার্ভিস জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ইন্টারসেপ্ট করার সময় এই শব্দ শোনা গেছে।
এছাড়া, রাষ্ট্রায়ত্ত্ব বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (পঞ্চম ফ্লিট) সার্ভিস সেন্টার ‘ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে’।
তবে কারা হামলা করেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সাধারণ জনগণকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।’
বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশজুড়ে এই নৌবহর কাজ করে।
মার্কিন সামরিক বাহিনীর দিক থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য আসেনি।
তবে এর আগে বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে মার্কিন দূতাবাস নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দিয়েছিল।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।
একজন কাতারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।
সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এর আগে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেখানে বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।
সূত্র : ফারস নিউজ, বিবিসি, এএফপি
