
ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনই নানা জায়গায় চলছে বিক্ষোভও।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় যে প্রায় ৬০ লাখ মানুষের নাম ‘বিবেচনাধীন’ বলে দেখানো হয়েছিল, বিচারপতিদের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া এখনও চলছে। তার মধ্যেই গত সোমবার একটি অতিরিক্ত তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
তবে তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনও পথে নেমেছে।
শুক্রবার কলকাতার ধর্মতলা এলাকায় এসআইআরের প্রতিবাদে একটি গণ সভা আয়োজন করে শহরের বিভিন্ন গণ- সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলি।
ওই সভায় হাজির একটি কলেজের বাংলা অধ্যাপিকা আফরোজা খাতুনের নাম ‘বিবেচনাধীন’। তিনি বলেন, ‘আমার ছেলে মেয়ে নাগরিক, আমি নাগরিক নই, এখনও। আমি বিবেচনাধীন। নাম না উঠলে আমি শুধু ভোট দিতে পারব না, শুধু তা নয়, কোন জায়গায় ঠেলে দিচ্ছে আমাদের?’
মানবাধিকার কর্মী রঞ্জিত শূর মনে করেন, এসআইআরে যে-সব ভোটারদের নাম বাদ গিয়েছে, পরবর্তীকালে তাদের নাগরিক অধিকারও খর্ব হতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, ‘এতদিন ধরে অ্যাডজুডিকেশন চলছে, অথচ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।’
সূত্র : বিবিসি
