টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন।
তবে এই টাকার ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরো বলেন, টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। যদি অর্থটি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তবে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করা হয়। ওই ঘটনার পরই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা শুরু হয়।
ফেসবুকে ডা: শফিকুর রহমান লেখেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
তিনি আরো লেখেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
এদিকে ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।
তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছিল। কিন্তু সেখান পুলিশ একটি নাটক সাজিয়েছে। প্রশাসন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।’
কারা এই পরিস্থিতি তৈরি করেছেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে, তারাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net