
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তিনি গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেখতে পান।
পরে ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তীব্র সমালোচনার মুখে পরে পোস্টটি মুছে ফেলেন সালাউদ্দিন তানভীর।
রুবেল বলেন, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবমাননা করা হয়েছে। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়। পরে তাদের সঙ্গে আলোচনা করে গত রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের পর গাজী সালাউদ্দিন তানভীরকে জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর সেটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়। প্রাথমিক তদন্ত ও পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় নেওয়া হয়। বুধবার দুপুরে তাকে বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হয়।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আদালত সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net