
ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর) পর সোমবার ‘বিবেচনাধীন’ ভোটারদের একাংশের নামের সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
তালিকায় সেইসব ভোটারদের নাম থাকার কথা যাদের নাম ‘তথ্যগত অসংতির অভিযোগে’ ‘বিবেচনাধীন’-এর তালিকায় ছিল এবং নথিপত্র যাচাইয়ের পর চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
পশ্চিমবঙ্গের ৫০০ এবং ঝাড়খন্ড ও ওড়িশা থেকে আসা আরও প্রায় ২০০ বিচারক সুপ্রিম কোর্টের নির্দেশে এই নথি যাচাই করছেন।
মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল সোমবার সাংবাদিকদের জানান, বিকেল ৪টা পর্যন্ত আনুমানিক ২৯ লাখ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে।
তিনি জানান, সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পাবে। তার আগে কতজন ভোটারের নাম বাদ পড়েছে তা বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই সময় জানানো হয়েছিল ৬০ লাখের বেশি নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। খসড়া ও ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া তালিকা মিলিয়ে ৬৩ লাখের বেশি নাম বাদ গিয়েছিল বলে কমিশন সূত্রে খবর। সোমবারের তালিকা প্রকাশের পর সেই সংখ্যা কত দাঁড়ায় সেদিকে সবার নজর রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ নাম যাচাই ও সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে নিষ্পত্তি হওয়া বাকি নামের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সোমবার প্রকাশিত তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশনের অ্যাপ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে বা জেলা ও মহকুমাস্তরের প্রশাসনিক দফতরে গিয়েও আর্জি জানানো যেতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যার দায়িত্বে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সোমবার প্রকাশিত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে, তারা ওই ট্রাইব্যুনালের মাধ্যমে আপিল করতে পারবেন।
এদিকে এই তালিকা প্রকাশের আগে থেকেই আইন শৃঙ্খলার প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য সরকার জেলা শাসক ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net