
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এর আগে তিনি ভিসি পদ থেকে বিভাগে ফিরতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর চিঠি লিখবেন। কিন্তু যে পর্যন্ত না নতুন সরকার অন্য কাউকে ভিসি না করেন, তার আগ পর্যন্ত তিনি এই পদেই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরো কিছুদিন দায়িত্ব পালন করব।
সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।
এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচিত সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ড. নিয়াজের উত্তর ‘বিবেচনা করব।’
এর আগে দুপুর ১২টার পর জরুরি সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হলে তার পদত্যাগের গুঞ্জন উঠে। তবে তিনি সংবাদ সম্মেলনে এসে নিজের অবস্থানের বিষয়টি পরিষ্কার করলেন।
