
বাংলাদেশে বিগত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই- এমন কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সম্ভাব্য কিছু উপায়ের কথা বলেছেন।
তিনি বলেন, আমাদের স্পিকার বা ডেপুটি স্পিকারের মাঝে একজন নিখোঁজ। আরেকজন জেলে আছে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে। তারা পদত্যাগও করেছে, বিশেষ করে স্পিকার। এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না।
এরপর তিনি বলেন, যে আইনে আছে, স্পিকার বা ডেপুটি স্পিকার যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, 'বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন।'
এছাড়া নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করানো হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন জানিয়ে তিনি আরো বলেন, 'এটি হলে আমাদের তিনদিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না। নির্বাচন হওয়ার পরে আমরা যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।'
এক পর্যায়ে তিনি আরো জানান, 'এখন এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখনই চূড়ান্ত কিছু বলতে পারবো না।'
এবং মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি-ই সবসময় শপথ গ্রহণ করান। তাহলে এবার রাষ্ট্রপতি নয় কেন? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তো এমপি নিয়ে কথা বলছি ভাই। তারপর কী হবে, ওনারা নিজেরা বুঝবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। তার আগে আগস্ট মাসে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net