১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, এই দোয়া করি।’
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায় নিয়মিতই নির্বাচনি প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন অভিযোগ করে আসছেন। এর প্রতিক্রিয়াতেই এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।
মির্জা আব্বাসের দাবি, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’
যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেয়ার’ হুমকি দেয়-তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
তার ভাষায়, ‘এই সাহস তারা পেয়েছে, কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে, যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করছে।’
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net