
দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের বিভাগ বরিশালে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই নতুন জালেমদেরকে মানুষ গুপ্ত হিসেবে চিনে। এই জালেমদের নেতা দুই দিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলসপার্ক এলাকায় জনসভার তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, 'যেই ব্যক্তির তার দেশের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা-বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না, কোনো মর্যাদামূলক আচরণ আশা করতে পারে না।'
জামায়াতের লোকজন ভুয়া সিল ও ব্যালট তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
'গত কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় কিছু খবর দেখতে পাচ্ছি। যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে, আমরা দেখেছি কীভাবে তাদের লোকেরা ভুয়া সিল ছাপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে ভুয়া ব্যালট ছাপাচ্ছে, যেগুলো তারা পকেটে করে নিয়ে যাবে।'
জামায়াতের কর্মীরা নারী ভোটারদের এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে বলেও দাবি করেন তারেক রহমান। তিনি বলেন, 'যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজে তারা কীকরে সৎ মানুষের শাসন দিতে পারে?'
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net