দ্বিতীয় মাসে গড়ালো ইরান যুদ্ধ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার একদিন পরই ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘুদের (জাইদি সম্প্রদায়) প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী।

২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

এদিকে বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে গত রাতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এমন এক সময়ে এই হামলা হলো যখন দেশটি টানা চার সপ্তাহ ধরে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর মধ্য দিয়ে যাচ্ছে।

এছাড়া এই যুদ্ধের উত্তাপ এখন কেবল নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। ফলে বিপুল সংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

সৌদি আরবের রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতির’ খবর পাওয়া গেছে।

যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব বাজারেও। টানা চার সপ্তাহ ধরে দরপতনের শিকার হয়ে মার্কিন শেয়ার বাজারের তিনটি প্রধান সূচকই শুক্রবার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।

জেরুজালেমে অবস্থানরত সংবাদ বিশ্লেষকদের মতে, হুথিদের এই সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিলো।

সূত্র : বিবিসি