
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, তার জায়গায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।
বিএনপি সরকার গঠনের পর তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় তৎকালীন অন্তবর্তী সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো।
ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।
অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তাজুল ইসলামের প্রতিক্রিয়া
এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আমাকে নিয়োগ দেয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য।
নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আশা করি এ বিচার তার ধারাবাহিকতায় এগিয়ে যাবে। তাকে (নতুন চিফ প্রসিকিউটর) আমি সব ধরনের সহযোগিতা করবো।’
সূত্র : বিবিসি
