ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং ভারতের কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি ৫.৪ মাত্রার বা মাঝারি ভূমিকম্প ছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে এটি অনুভূত হয় বলেও জানানো হয়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে খুলনার সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলায় দেখানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসে এটি ৫.৩ মাত্রার বলে উল্লেখ করেছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে আইফোনের অ্যালার্ট সিস্টেমে এটি রিখটার স্কেলে ৫.৪ ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ৪.৯ মাত্রার ভূমিকম্পের তথ্য দেখা যাচ্ছিলো।

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় মাটির ৯.৮ কিলোমিটার গভীরে এটি হয়েছে বলে তথ্য দিচ্ছে ইউএসজিএস।

মাত্র একদিন আগেই গত ২৫ ফেব্রুয়ারি রাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প টের পাওয়া যায়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫.১ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৬২ কিলোমিটার দূরে।

গত নভেম্বরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প টের পাওয়া যায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। অন্তত ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার খবর জানায় সরকার। বিভিন্ন জেলায় অনেক ভবনে ফাটলের তথ্যও পাওয়া গিয়েছিল ওই সময়।

সূত্র : বিবিসি