জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি দিলেন ১০ নারী

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কর্মজীবী নারীদের নিয়ে ‘অবমাননাকর ও বিদ্বেষমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে নারীপক্ষ নামের একটি সংগঠন।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ স্মারকলিপি দেন ১০ নারী।

নারীদের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান তার ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়, বরং দেশের কোটি কোটি শ্রমজীবী, আত্মমর্যাদাশীল ও অবদানশীল নারীর শ্রম, সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি।

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলে জামায়াতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটির বিষয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, ‘ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো পর্যন্ত জনসমক্ষে উপস্থাপিত হয়নি।’

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলসহ চার দফা দাবি জানান এ নারীরা।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, উনি (সিইসি) বলেছেন, উনি নির্বাচন কমিশনারদের সাথে বসবেন, বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন।

সূত্র : বিবিসি