কী আছে ট্রাম্পের কথিত ১৫ দফার শান্তি পরিকল্পনায়?

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে ১৫-দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছেন বলে দাবি করেছেন, তা বিবিসি এখনো দেখেনি। ফলে ওই শান্তি পরিকল্পনার ভেতরে ঠিক কী রয়েছে – সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করতে পারেনি বিবিসি। কিন্তু ইসরাইলি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে ১৫-দফা শান্তি পরিকল্পনার বিভিন্ন শর্তের খবর প্রকাশিত হচ্ছে।

এর মধ্যে ইসরাইলের চ্যানেল ১২-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই পরিকল্পনায় নিচের দাবিগুলো উল্লেখ করা রয়েছে –

  • নাতানজ, ইসফাহান এবং ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলো অব্যবহৃত রাখতে হবে এবং ধ্বংস করে ফেলতে হবে
  • ইরানের সকল কর্মকাণ্ডের ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে
  • ইরান এ অঞ্চলে প্রক্সি বা সশস্ত্র সহযোগী গোষ্ঠীর ব্যবহার পরিত্যাগ করবে এবং তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করবে
  • বর্তমানে অর্জন করা পারমাণবিক সক্ষমতাগুলো নষ্ট করে ফেলতে হবে
  • কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার প্রতিশ্রুতি দিতে হবে
  • ইরানের মাটিতে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না এবং সমস্ত সমৃদ্ধকৃত উপাদান আইএইএ’র কাছে হস্তান্তর করতে হবে
  • হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং এটি একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে গণ্য হবে
  • ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সেগুলোর সংখ্যা ও পাল্লা সীমিত থাকবে এবং তা শুধুমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহৃত হবে

এদিকে, যুক্তরাষ্ট্রের এসব শর্তের বিপরীতে ইরান যা পাবে বলে উল্লেখ করা হচ্ছে, তা হলো –

  • বিদ্যুৎ উৎপাদনের জন্য বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প উন্নয়নে মার্কিন সহায়তা
  • দেশটির ওপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাতিল

এছাড়া আলোচনা চলাকালে এক মাসব্যাপী সম্ভাব্য যুদ্ধবিরতির খবরও পাওয়া যাচ্ছে। যদিও দায়িত্বশীল কেউ এখনো এ খবর নিশ্চিত করেননি এবং হোয়াইট হাউস থেকেও এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র : বিবিসি