কানাডায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১০জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সন্দেহভাজন হামলাকারীসহ মোট সাতজনকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া, পাশের এক বাড়িতে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে। ‘

পুলিশের ধারণা, পাশের বাড়িতে পাওয়া ওই দুইজন নিহত ব্যক্তি বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

নিহতের সংখ্যা বাড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

এই ঘটনায় আহত হয়েছে প্রায় ২৫ জন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্কুলে হামলার উদ্দেশ্য এখনো অজানা। তবে সন্দেহভাজন ব্যক্তি একজন মহিলা হতে পারেন বলে মনে করছে পুলিশ।

রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট শহর টাম্বলার রিজ, যা কলাম্বিয়া প্রদেশের সবচেয়ে বড় শহর ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার দুইশ কিলোমিটার উত্তরে এবং সেখানে আড়াই হাজারেরও কম মানুষ বসবাস করে।

পুলিশ সেখানকার বাসিন্দাদেরকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে নিরাপদে থাকার জন্য বলেছে।

টাম্বলার রিজ মূলত কয়লাখনি এবং ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার হওয়ার জন্য বিশেষভাবে পরিচিত।

সূত্র : বিবিসি