এসএসসিতে পাসের হার কমে ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২ হাজার

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, ৭১ দশমিক ৬৩ শতাংশ। যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।


ছাত্রীদের পাসের হার বেশি
এবারও পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।


অন্যদিকে ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
অর্থাৎ ছাত্রদের তুলনায় ৭৭ হাজার ১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাসের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে।


নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন এবং ছাত্রী ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন।


এসব বোর্ডে ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭০ শতাংশ এবং ছাত্রীদের ৬৭ দশমিক ৯১ শতাংশ।


বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ। এ বিভাগে ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৭০ শতাংশ।
মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৯২ শতাংশ।


বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮ শতাংশ
বিদেশের নয়টি কেন্দ্রে এবার মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৪৮ জন। এসব কেন্দ্রে পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।


ফলাফলের তথ্যমতে, বিদেশের দুটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আবার একটি প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এসব কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।


প্রাকৃতিক দুর্যোগে ফল প্রকাশে দেরি
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষা চলছিল। এ কারণে কিছু বোর্ডের পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে বিলম্ব হয়। ফলে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে।
এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রকাশ-সংক্রান্ত প্রস্তুতি সময়মতো শেষ না হওয়ায় সেই সময়সূচি পিছিয়ে যায়।
এবারই প্রথম অনলাইনের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব শর্ট কোড ১৬১৪০-এর মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।


পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।


নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।

  • এসএসসি
  • বাংলাদেশ
  • রেজাল্ট
  • শিক্ষা