
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্সে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইরানপন্থি হ্যাকাররা। তারা এফবিআই প্রধানের কিছু ছবি ও অন্যান্য নথি ইন্টারনেটে প্রকাশ করেছে।
‘হানদালা হ্যাক টিম’ নামের হ্যাকার গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায়, প্যাটেল ‘এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় নিজের নাম খুঁজে পাবেন।’ হ্যাকাররা প্যাটেলের বেশ কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করেছে, যেখানে তাকে সিগার শুঁকতে ও ধূমপান করতে দেখা যায়। এ ছাড়া আয়নার সামনে বড় একটি মদের বোতল হাতে নিয়ে সেলফি তুলতেও দেখা যায় এফবিআই প্রধানের।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তাও কাশ প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে প্রকাশিত ছবিগুলোও আসল বলে জানান তিনি।
এফবিআই এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। হ্যাকাররাও বার্তার জবাব দেয়নি।
‘হানদালা হ্যাক টিম’ নিজেদের ফিলিস্তিনপন্থি হ্যাকার গোষ্ঠী হিসেবে পরিচয় দেয়। পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটগুলোর অন্যতম। গত ১১ মার্চ তারা মিশিগানভিত্তিক মেডিকেল ডিভাইস ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্রাইকারের সিস্টেম হ্যাকের দাবি করে। ওই সাইবার হামলায় কোম্পানির ডেটাবেজের ক্ষতি করার কথাও জানায় তারা।
জিমেইল পরিচালনাকারী অ্যালফাবেটের মালিকানাধীন গুগলও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
সূত্র : রয়টার্স
