
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে দুইদিন বাকি থাকতেই তাকে সরিয়ে দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো।
এতে আরো উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
সূত্র : বিবিসি
