অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি আছে।

এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আশিক চৌধুরী বলেন, এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না…কারণ আর দুই কার্যদিবস আছে। এর মধ্যে ওনারা (ডিপি ওয়ার্ল্ড) ফেরত আসবে, তারপর আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে এটাকে অনুমোদন করিয়ে স্বাক্ষর করব, সময়ের বিবেচনায় এই প্রক্রিয়াটা খুব কঠিন হবে।

বিদেশির কোম্পানির সঙ্গে এই ইজারা চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে ঘিরে চট্টগ্রাম বন্দরে আন্দোলন হতে দেখা যাচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরের যাবতীয় কার্যক্রম।

তিনি বলেন, নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া নিয়ে ২০১৯ সালে কাজ শুরু হয়েছিল। গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর কষাকষি শুরু হয়।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং এ আলোচনা ও দর–কষাকষি প্রক্রিয়া চলতে থাকবে। তবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।

সূত্র : বিবিসি